নিজস্ব প্রতিনিধি:
খাগড়াছড়ির মহালছড়িতে আর্থিক সংকটে পড়াশোনা বন্ধ হওয়ার উপক্রম হওয়া সপ্তম শ্রেণির শিক্ষার্থী মিনা চাকমার পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ সেনাবাহিনীর মহালছড়ি জোন। মিনার শিক্ষা জীবন টিকিয়ে রাখার পাশাপাশি তার পরিবারকে স্বাবলম্বী করে তুলতে দুটি ছাগল উপহার দিয়েছে জোন কর্তৃপক্ষ।
শনিবার (১০ অক্টোবর) সকালে মহালছড়ি জোনের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে মিনা চাকমার পরিবারের হাতে ছাগল দুটি তুলে দেওয়া হয়। এর আগে গত ৪ অক্টোবর মহালছড়ি জোন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. আল জাবির আসিফ-এর নির্দেশনায় জোনের একটি প্রতিনিধি দল মিনার বাড়িতে গিয়ে নগদ ১০ হাজার টাকা আর্থিক সহায়তা প্রদান করে। একই সঙ্গে তার পড়াশোনার যাবতীয় খরচ বহনের দায়িত্ব নেওয়ার পাশাপাশি পরিবারটিকে আত্মনির্ভরশীল করতে দুটি ছাগল দেওয়ার অঙ্গীকার করা হয়। সেই প্রতিশ্রুতির অংশ হিসেবেই আজ ছাগল দুটি হস্তান্তর করা হলো।
খোঁজ নিয়ে জানা যায়, মহালছড়ি উপজেলার ক্যায়াংঘাট ইউনিয়নের করল্যাছড়ি মুখ এলাকার বাসিন্দা মিনা চাকমা মাইসছড়ি উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির শিক্ষার্থী। পরিবারের তীব্র আর্থিক অসচ্ছলতার কারণে পড়াশোনা চালিয়ে যাওয়া অসম্ভব হয়ে পড়লে মা-বাবার ওপর অভিমান করে গত ২১ সেপ্টেম্বর বাড়ি ছেড়ে চলে যায় সে। বিষয়টি নজরে আসার পর মহালছড়ি জোন তাৎক্ষণিকভাবে শিশুটির পরিবারের খোঁজখবর নেয় এবং তার পড়াশোনা অব্যাহত রাখতে সহযোগিতার হাত বাড়ায়।
সেনাবাহিনীর এই মানবিক সহায়তায় কৃতজ্ঞতা প্রকাশ করেছে মিনা চাকমার পরিবার। তাদের আশা, ছাগল পালনের মাধ্যমে অর্জিত আয়ে পরিবারের আর্থিক সংকট দূর হবে এবং মিনার ভবিষ্যৎ পড়াশোনার পথ সুগম হবে।