নিজস্ব প্রতিনিধিঃ
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে খাগড়াপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বঙ্গবন্ধু কর্ণার’র শুভ উদ্বোধন করা হয়েছে।
বুধবার (১৮ নভেম্বর) সকাল ১১টায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ বঙ্গবন্ধু কর্ণার’র শুভ উদ্বোধন করেন শরনার্থী বিষয়ক টাস্কফোর্স চেয়ারম্যান (প্রতিমন্ত্রী মর্যাদা) ও খাগড়াছড়ির সাংসদ কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি।
খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের অর্থায়নে এবং খাগড়াপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের আয়োজনে এ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান কংজরী চৌধুরী, খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের অন্যতম সদস্য পার্থ ত্রিপুরা জুয়েল, খাগড়াছড়ি জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ফাতেমা মেহের ইয়াসমিন।
বঙ্গবন্ধু কর্ণার উদ্বোধনী অনুষ্ঠানে কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি বলেন, বঙ্গবন্ধু বাঙালি জাতিসত্তার ইতিহাসে একমাত্র মহানায়ক এবং হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি। বঙ্গবন্ধুর সারাজীবনের নির্ভিক সংগ্রামের ফল স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়। পৃথিবীর মানচিত্রে স্বাধীন বাংলাদেশ নামক ভূ-খণ্ডের লাল-সবুজের পতাকার নির্মাতা তিনি।
কুজেন্দ্র লাল ত্রিপুরা বলেন, জাতির পিতার জন্মশতবর্ষে তার আদর্শ ধারণ করে আমাদের কাজ করে যেতে হবে। স্বাধীন বাংলাদেশকে দুর্নীতিমুক্ত এবং অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করার জন্য বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ে তোলার আদর্শকে বাস্তবায়িত করতে আমাদের সবাইকে দেশের জন্য কাজ করতে হবে।
এমপি বলেন, বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নত বাংলাদেশ বিনির্মাণে সবাইকে এগিয়ে এসে সোনার বাংলা গড়ার কাজে নিয়োজিত হতে হবে।
আগামী নতুন প্রজন্মকে বঙ্গবন্ধুর জীবন ও আদর্শের সঙ্গে পরিচয় করে দেওয়ার লক্ষ্যে বিদ্যালয়ে স্থাপিত বঙ্গবন্ধু কর্নার সাহায্য করবে বলে তিনি উল্লেখ করেন।
এছাড়াও অনুষ্ঠানে বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি, বিদ্যালয়ের প্রধান শিক্ষকসহ অন্যান্য শিক্ষক বৃন্দ উপস্থিত ছিলেন।
এসময় খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের অর্থায়নে খাগড়াছড়ি পৌর ও সদরের আরো কয়েকটি প্রাথমিক বিদ্যালয়ের বঙ্গবন্ধু কর্নারের জন্যে বাংলাদেশের মুক্তিযুদ্ধ ও ইতিহাস বিষয়ক বই, আলমারি ও অন্যান্য সামগ্রী শিক্ষক বৃন্দদের নিকট প্রদান করা হয়।