নিজস্ব প্রতিনিধি:
এবার পাহাড়ি সড়কে দূর্ঘটনা রোধে এক অভিনব উদ্যোগ গ্রহণ করেছে খাগড়াছড়ি সড়ক বিভাগ। খাগড়াছড়ি জেলা সড়কের বিপদজনক বাকঁগুলোতে এবার স্থাপন করা হয়েছে ধাতব আয়না। এ আয়নায় বিপরীত দিক থেকে আসা গাড়ি দেখা যায় স্পষ্টভাবেই। এর ফলে গাড়ির চালক সহজেই সতর্ক হতে পারবে। ফলে পাহাড়ি এই সড়কে দুর্ঘটনা এড়ানো সম্ভব হবে বলে মনে করছে কর্তৃপক্ষ।
খাগড়াছড়ির প্রধান সড়কগুলোতে প্রতিনিয়ত ঘটছে দূর্ঘটনা। এতে প্রাণহানি থেকে শুরু করে পঙ্গুত্বও বরণ করছেন অনেকে। এই সড়ক দূর্ঘটনার মূল কারণ হিসেবে ধরা হয় পাহাড়ের আঁকাবাঁকা সড়ককে। এক দিক থেকে গাড়ি আসলে পাহাড়ের কারণে অপর দিকের গাড়ি দেখা যায়না। ফলে পাহাড়ি মোড় ঘুরতেই দুটি গাড়ির মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটছে। দূর্ঘটনা রোধে সড়কে খাগড়াছড়ি সড়ক বিভাগ কর্তৃক প্রায় ১২শ সাংকেতিক চিহ্ন ব্যবহার করলেও কমছেনা সড়ক দূর্ঘটনা।
এদিকে বর্তমানে পর্যটকদের আসা-যাওয়ায় খাগড়াছড়ি জেলার সড়ক গুলো এখন যানবাহনে ব্যস্ত। এই ব্যস্ত সড়কে নতুন ও অনভিজ্ঞ চালকেরা গাড়ি চালালে বিপদজনক মোড় গুলোতে দুর্ঘটনা ঘটার সম্ভাবনা থাকে বেশি। যাতে সেই ধরনের কোন দুর্ঘটনা না ঘটে খাগড়াছড়ি সড়ক বিভাগ ৮টি বিপদজনক বাঁকে ধাতব আয়না পরীক্ষামুলকভাবে স্থাপন করেছে। যাতে বিপদজনক মোড়ে বিপরীত দিক থেকে আসা গাড়ি বা উপস্থিতি দেখা যায়।
খাগড়াছড়ি জেলার আলুটিলা এলাকায় ৬টি ও খাগড়াছড়ি-দীঘিনালা সড়কে ২টি সহ মোট ৮টি বিপদজনক বাকেঁ সাড়ে ৩ফুট ব্যাসের এই ধাতব আয়না স্থাপন করা হয়েছে। আয়নাগুলো এমনভাবে স্থাপন করা হয়েছে যে বিপরীত দিক থেকে আসা গাড়ির দৃশ্য স্পষ্টতই দেখা যায়।
গাড়ির চালকরা বিপদজনক বাকেঁ আয়না স্থাপনকে স্বাগত জানিয়েছে। খাগড়াছড়ির দূরপাল্লার বাসগাড়ির চালক আব্দুল গফুর বলেন, ‘বিপদজনক এই মোড়গুলোতে ধাতব আয়না স্থাপন করায় আমরা স্বাচ্ছন্দ্যবোধ করছি। আগে মোড়গুলোতে গেলে বিপরীতে দিকের সড়কের কিছু দেখা যেতোনা। এখন আয়নার মাধ্যমে তা সহজেই দেখা যায়। ফলে একটু সচেতন হলে সড়ক দুর্ঘটনা এড়ানো সম্ভব। তবে এ আয়নার আকার আরেকটু বড় হলে ভাল হতো।’ তিনি মনে করেন প্রতিটি বিপদজনক মোড়ে এ আয়না স্থাপন করা হলে সড়ক দূর্ঘটনা একেবারেই কমে যাবে।’
খাগড়াছড়ি সড়ক বিভাগের বিভাগীয় সহকারী প্রকৌশলী সবুজ চাকমা বলেন, ‘সড়কে দূর্ঘটনা রোধে বিপদজনক মোড়গুলোতে আমরা পরীক্ষামূলক ভাবে ৮টি ধাতব আয়না স্থাপন করেছি। এতে অতীতের চেয়ে দূর্ঘটনা হ্রাস পাচ্ছে। আমরা চালকদের সাথে কথা বলেছি, তারা গাড়ি চালাতে স্বাচ্ছন্দ্য বোধ করেছেন। বাঁকে আয়না লাগানোর ফলে উভয় দিক থেকে আসা গাড়ীকে চালকরা দেখতে পাবে। ফলে তারা সহজেই গাড়ি নিয়ন্ত্রণ করতে পারবে। এভাবে দূর্ঘটনা কমে যাবে। চালকরা আরও ধাতব আয়না স্থাপন করতে অনুরোধ করেছেন। মনে হচ্ছে প্রাথমিকভাবে আমরা সফল হয়েছি। আমরা এবার জেলার সবকটি বিপদজনক মোড়ে এই ধাতব আয়না স্থাপনের উদ্যোগ নিয়েছি। মূলত বাঁকে সড়ক দুর্ঘটনা কমানোর জন্য আমরা খাগড়াছড়ি সড়ক বিভাগ এই উদ্যোগ নিয়েছি।’