নিজস্ব প্রতিনিধি :
মেয়াদোত্তীর্ণ ঔষধ রাখায় খাগড়াছড়ি ভেটেরিনারি হাউজে অভিযান চালিয়ে ৩০ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। পাশাপাশি খাগড়াছড়ি নিচের বাজার এলাকায় মমিন বীজ ভান্ডারকেও ৮ হাজার টাকা জরিমানা করা হয়
সোমবার বিকেলে সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে খাগড়াছড়ি আদালত সড়কের মিতালী শপিং সেন্টারের খাগড়াছড়ি ভেটেরিনারি হাউজ ও নিচের বাজারে মমিন বীজ ভান্ডারে এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযান পরিচালনা করেন খাগড়াছড়ি ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের উপ-পরিচালক পাপিয়া সুলতানা লিজা। এসময় ভোক্তা অধিকার সংগঠন কাউন্সিল অব কনজিউমার রাইটস (সিআরবি)র খাগড়াছড়ি জেলা শাখার সাধারণ সম্পাদক মো. আবদুর রউফ এবং সঙ্গীয় পুলিশ সোর্স উপস্থিত ছিলেন।
অভিযানের সময় খাগড়াছড়ি ভেটেরিনারি হাউজে বিপুল পরিমাণ মেয়াদোত্তীর্ণ ঔষধ জব্দ করা হয়।
খাগড়াছড়ি ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের উপ-পরিচালক পাপিয়া সুলতানা লিজা বলেন, সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়েছে। জনস্বার্থে ভবিষ্যতেও এ অভিযান অব্যাহত থাকবে।