মো. আবদুর রউফ:
অর্ধযুগেরও বেশি সময় ধরে খানাখন্দে ভরা অবস্থায় পড়ে থাকা খাগড়াছড়ি আধুনিক জেলা সদর হাসপাতালমুখী সড়কটি অবশেষে আধুনিকায়নের পথে। দীর্ঘদিনের জনদুর্ভোগ ও নাগরিক দাবির পরিপ্রেক্ষিতে খাগড়াছড়ি পৌরসভা সম্প্রতি এই গুরুত্বপূর্ণ সড়কের উন্নয়ন ও আধুনিকীকরণের উদ্যোগ গ্রহণ করেছে।
মুলত সড়কটি ছিল স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর (এইচইডি)র অধীনে। কাজ দ্রুত শুরু করতে ইতোমধ্যে প্রতিষ্ঠানটির কাছ থেকে একটি অনাপত্তিপত্রও নিয়েছে খাগড়াছড়ি পৌরসভা কর্তৃপক্ষ।
সড়কটির মোট দৈর্ঘ্য প্রায় ১ কিলোমিটার, যার মধ্যে প্রায় ১৬৫ মিটার অংশে ইউনি ব্লক বসানো হবে। এ অংশে রয়েছে মর্গ সড়ক, মা ও শিশু সড়ক, এবং হাসপাতাল সংলগ্ন প্রবেশ পথ। সড়কের বাকি অংশটি- খাগড়াছড়ি সদর থানার সামনে থেকে জেলা সদর হাসপাতালের মূল গেট পর্যন্ত কিছু ক্ষতিগ্রস্ত অংশ কার্পেটিংয়ের মাধ্যমে সংস্কার করা হবে।
এ প্রকল্পে আধুনিক নগর ব্যবস্থাপনার অন্যতম অংশ হিসেবে ২৫ মিটার অন্তর স্ট্রিট লাইট স্থাপন, জায়গা থাকা সাপেক্ষে ৩ ফুট প্রশস্ত স্মার্ট ফুটপাত এবং সড়কের পাশে সাইট ড্রেইন নির্মাণের পরিকল্পনাও অন্তর্ভুক্ত রয়েছে।।
খাগড়াছড়ি পৌরসভার নির্বাহী প্রকৌশলী মো. জহিরুল ইসলাম বলেন, ‘প্রকল্পটির জন্য বরাদ্দ রাখা হয়েছে আনুমানিক ৬০ থেকে ৭০ লক্ষ টাকা। কাজ শিগগিরই শুরু হবে এবং নির্ধারিত সময়ের মধ্যেই সম্পন্ন করার লক্ষ্যে সকল প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন করা হয়েছে। বর্তমানে বৃষ্টির জন্য কাজ শুরু করা যাচ্ছেনা। আমরা আশা করছি সবকিছু ঠিক থাকলে আগামী সপ্তাহের মধ্যে কাজ শুরু করতে পারব।’
সড়কটির উন্নয়নের খবরে সাধারণ মানুষের মাঝে দেখা গেছে স্বস্তির নিঃশ্বাস। স্থানীয় বাসিন্দা মো. শাহ জালাল বলেন, ‘এ সড়ক দিয়ে চলাচল ছিল অত্যন্ত কষ্টদায়ক। বিশেষ করে জরুরি সময় রোগী নিয়ে হাসপাতালে যাওয়া ছিল দুর্বিষহ। এখন যদি সত্যি এ সড়ক উন্নয়ন হয়, তাহলে হাসপাতালে আগত রোগী ও জনসাধারণের অনেক উপকার হবে।’
খাগড়াছড়ি পৌর প্রশাসক ও স্থানীয় সরকারের উপ-পরিচালক নাজমুন আরা সুলতানা বলেন, ‘সড়কটি শুধু একটি যাতায়াত পথ নয়, এটি পুরো শহরের স্বাস্থ্যসেবার সঙ্গে জড়িত গুরুত্বপূর্ণ একটি লিংক। দীর্ঘদিন ধরে অবহেলিত অবস্থায় থাকা এ সড়কটি আধুনিক করে গড়ে তোলার মাধ্যমে আমরা নাগরিকদের দীর্ঘদিনের প্রত্যাশা পূরণ করতে চাই। উন্নয়নের ফলে রোগী, স্বজন ও স্বাস্থ্যকর্মীদের যাতায়াত আরও সহজ, নিরাপদ ও স্বস্তিদায়ক হবে আশা করি’
খাগড়াছড়ির মত পাহাড়ি অঞ্চলে স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে অবকাঠামোগত উন্নয়ন অপরিহার্য। এই প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে জেলা সদর হাসপাতালগামী এই সড়কটিতে নতুন প্রাণ সঞ্চার হবে- এমনটাই আশা এলাকাবাসীর।