হাসান মোর্শেদ, দীঘিনালা:
খাগড়াছড়ির দীঘিনালা উপজেলায় একটি ব্যাটারি চালিত অটোরিকশা নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে এক যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় চালক গুরুতর আহত হয়েছেন।
মঙ্গলবার (১৬ জুলাই) সকাল ১০টার দিকে উপজেলার বাবুছড়া ইউনিয়নের সোনামিয়া টিলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, বেলতলী থেকে বাবুছড়াগামী ব্যাটারি চালিত অটোগাড়িটি সোনামিয়া টিলার ঢালু এলাকা দিয়ে নামার সময় নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এতে গাড়িতে থাকা যাত্রী দেবরঞ্জন ত্রিপুরা (৪৫) ঘটনাস্থলেই মারা যান। গুরুতর আহত গাড়িচালক মো. আক্তার হোসেন (৪৫)-কে স্থানীয়রা উদ্ধার করে দীঘিনালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
নিহত দেবরঞ্জন ত্রিপুরার বাড়ি দীঘিনালা উপজেলার বোয়ালখালী ইউনিয়নের রামরতন কার্বারী পাড়ায়। তার পিতার নাম মণীন্দ্র ত্রিপুরা। আহত চালক আক্তার হোসেনের বাড়ি দক্ষিণ মিলনপুর গ্রামে। তিনি মিলনপুরের মোয়াজ্জেম হোসেনের সন্তান।
দুর্ঘটনার খবর পেয়ে বাবুছড়া পুলিশ ফাঁড়ির একটি দল ঘটনাস্থলে পৌঁছে প্রয়োজনীয় আইনগত কার্যক্রম শুরু করেছে।
দীঘিনালা থানার অফিসার্স ইনচার্জ মো. জাকারিয়া বলেন, ‘অটোরিকশা দূর্ঘটনায় এক যাত্রী নিহত হয়েছেন। এঘটনায় চালক আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। সড়ক দুর্ঘটনার বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।