1. m.a.roufekhc1@gmail.com : alokitokha :
মাইনি নদীতে পড়ে যাওয়া জুতা তুলতে পানিতে নেমে তৃতীয় শ্রেণির শিক্ষার্থীর মৃত্যু - আলোকিত খাগড়াছড়ি

মাইনি নদীতে পড়ে যাওয়া জুতা তুলতে পানিতে নেমে তৃতীয় শ্রেণির শিক্ষার্থীর মৃত্যু

  • প্রকাশিতঃ বুধবার, ১৬ জুলাই, ২০২৫
  • ৩৬১ বার পড়া হয়েছে
নিজস্ব প্রতিনিধি:
খাগড়াছড়ির দীঘিনালা উপজেলায় মাইনি নদীতে ডুবে প্রাণ হারিয়েছে মোহাম্মদ সায়েম (৯) নামের এক শিশু। সে দীঘিনালা আল কুরআন একাডেমির তৃতীয় শ্রেণির ছাত্র এবং কবাখালি দক্ষিণ মিলনপুর এলাকার মো. খুরশেদ আলম ও কুলসুম বিবির ছেলে।
বুধবার (১৬ জুলাই) বিকেল সাড়ে তিনটার দিকে মাদ্রাসা ছুটি শেষে বাড়ি ফেরার পথে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয়দের ভাষ্যমতে, সায়েম প্রতিদিনের মতো এদিনও মাদ্রাসা থেকে নদীর পাড় ধরে হেঁটে বাড়ি ফিরছিল। পথিমধ্যে তার জুতা পানিতে পড়ে গেলে সে সেটি তুলতে গিয়ে নদীতে পড়ে তলিয়ে যায়। ঘটনার পরপরই এলাকাবাসী ও দীঘিনালা ফায়ার সার্ভিসের একটি দল উদ্ধার কাজে অংশ নেয়।
৩ নং কবাখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বাবু নলেজ চাকমা (জ্ঞান) বলেন, ‘নিখোঁজের খবর পেয়ে আমি তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে উপস্থিত হই। কিছুক্ষণের মধ্যেই শিশুটিকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়। এটি অত্যন্ত হৃদয়বিদারক ঘটনা।’
দীঘিনালা ফায়ার স্টেশনের কর্মকর্তা পংকজ কুমার বলেন, ‘মাইনি ব্রিজের নিচে একটি শিশু পড়ে যাওয়ার সংবাদ পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছাই এবং প্রায় আধা ঘণ্টার মধ্যে শিশুটিকে উদ্ধার করি। তবে তাকে জীবিত পাওয়া যায়নি।’
দীঘিনালা থানার অফিসার্স ইনচার্জ মো. জাকারিয়া বলেন, ‘এটি একটি অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা। শিশুটির পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ নেই। লাশ পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে। আমরা থানায় একটি অপমৃত্যুর সাধারণ ডায়েরি করেছি।’

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ