হাসান মোর্শেদ, দীঘিনালা:
খাগড়াছড়ির দীঘিনালায় শীতার্ত অসহায় পরিবারের মাঝে শীতবস্ত্র বিতরণ ও বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বিজিবির খাগড়াছড়ি সেক্টরের আওতাধীন দীঘিনালায় অবস্থিত বাবুছড়া ব্যাটালিয়ন (৭ বিজিবি) এর উদ্যোগে এ মানবিক কর্মসূচি বাস্তবায়ন করা হয়। কর্মসূচির উদ্বোধন করেন বাবুছড়া ব্যাটালিয়ন (৭ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ইসতিয়াক আহাম্মদ ইবনে রিয়াজ, এসপিপি।
শনিবার (১৭ জানুয়ারি) বেলা ১১টার দিকে স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান গগন বিকাশ চাকমা, স্থানীয় জনপ্রতিনিধি ও বাসিন্দাদের অংশগ্রহণে একটি জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়। সভায় সীমান্ত এলাকায় আইনশৃঙ্খলা রক্ষা, চোরাচালান প্রতিরোধ, মাদকবিরোধী কার্যক্রম জোরদার এবং সামাজিক সচেতনতা বৃদ্ধির বিষয়ে আলোচনা করা হয়।
সভা শেষে শতাধিক স্থানীয় দুস্থ ও শীতার্ত পরিবারের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয় এবং মেডিকেল ক্যাম্পের মাধ্যমে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হয়।
বিজিবির এই মানবিক উদ্যোগে স্থানীয় জনগণ সন্তোষ প্রকাশ করেন এবং ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন।