1. m.a.roufekhc1@gmail.com : alokitokha :
দুর্গম পাহাড়ে ভোটের প্রস্তুতি; নাড়াইছড়ি কেন্দ্রে হেলিকপ্টারে পৌঁছাচ্ছে নির্বাচনি সরঞ্জাম ও কর্মকর্তা - আলোকিত খাগড়াছড়ি

দুর্গম পাহাড়ে ভোটের প্রস্তুতি; নাড়াইছড়ি কেন্দ্রে হেলিকপ্টারে পৌঁছাচ্ছে নির্বাচনি সরঞ্জাম ও কর্মকর্তা

  • প্রকাশিতঃ সোমবার, ৯ ফেব্রুয়ারী, ২০২৬
  • ২৪ বার পড়া হয়েছে
হাসান মোর্শেদ দীঘিনালা:
খাগড়াছড়ির প্রত্যন্ত ও দুর্গম পাহাড়ি ভোটকেন্দ্রগুলোতে হেলিকপ্টারযোগে নির্বাচনি সরঞ্জাম পৌঁছে দেওয়ার কার্যক্রম শুরু করেছে নির্বাচন কমিশন।
সোমবার (৯ ফেব্রুয়ারি) সকালে দীঘিনালার দুর্গম নাড়াইছড়ির ভোট কেন্দ্রে ব্যালট বাক্সসহ প্রয়োজনীয় সামগ্রী পরিবহন শুরু হয়।
জেলা নির্বাচন কর্মকর্তা এস এম শাহাদাত হোসেন জানান, কেবল নির্বাচনি সরঞ্জাম নয়* প্রিসাইডিং ও পোলিং কর্মকর্তাদেরও হেলিকপ্টারে করে সংশ্লিষ্ট কেন্দ্রে পৌঁছে দেওয়া হবে। ভৌগোলিক প্রতিবন্ধকতা, দুর্গম পাহাড়ি পথ ও যোগাযোগ ব্যবস্থার সীমাবদ্ধতার কারণেই বিকল্প পরিবহন হিসেবে আকাশপথ বেছে নেওয়া হয়েছে।
জেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, দীঘিনালা উপজেলার নাড়াইছড়ি এবং লক্ষ্মীছড়ি উপজেলার শুকনাছড়ি ও বর্মাছড়ি ভোটকেন্দ্রে এই বিশেষ ব্যবস্থায় সরঞ্জাম পাঠানো হচ্ছে। খাগড়াছড়ি সংসদীয় আসনের মধ্যে এসব কেন্দ্রকে সবচেয়ে দুর্গম ও ঝুঁকিপূর্ণ হিসেবে বিবেচনা করা হয়।
জেলায় মোট ভোটার সংখ্যা ৫ লাখ ৫৪ হাজার ১১৪ জন এবং ২০৩টি ভোটকেন্দ্রে ভোট গ্রহণের প্রস্তুতি সম্পন্ন করা হচ্ছে। তবে সম্প্রতি চারজন সংসদ সদস্য প্রার্থী অভিযোগ করেছেন, এসব কেন্দ্রের মধ্যে ১২১টি ঝুঁকিপূর্ণ এবং ৬৮টি কেন্দ্রকে ‘রেড মার্ক’ হিসেবে চিহ্নিত করা হয়েছে। তারা এসব কেন্দ্রে বাড়তি নিরাপত্তা নিশ্চিত করার জোর দাবি জানিয়েছেন।
সার্বিক পরিস্থিতি বিবেচনায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কঠোর নিরাপত্তা পরিকল্পনা গ্রহণ করেছে। নির্বাচনি দায়িত্ব পালনে খাগড়াছড়ি আসনে ১৯ প্লাটুন বিজিবিসহ সেনাবাহিনী, পুলিশ ও আনসার সদস্য মোতায়েন থাকবে। প্রশাসনের আশা, বিশেষ এই উদ্যোগের মাধ্যমে দুর্গম এলাকাতেও সুষ্ঠু, অবাধ ও নির্বিঘ্ন ভোট গ্রহণ নিশ্চিত করা সম্ভব হবে।

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ