1. m.a.roufekhc1@gmail.com : alokitokha :
দীঘিনালায় সেনাবাহিনীর প্রাথমিক চিকিৎসা প্রশিক্ষণ ও ফার্স্ট এইড কিট বিতরণ - আলোকিত খাগড়াছড়ি

দীঘিনালায় সেনাবাহিনীর প্রাথমিক চিকিৎসা প্রশিক্ষণ ও ফার্স্ট এইড কিট বিতরণ

  • প্রকাশিতঃ সোমবার, ১০ আগস্ট, ২০২৬
  • ২৩ বার পড়া হয়েছে
হাসান মোর্শেদ, দীঘিনালা:
পার্বত্য দুর্গম এলাকার মানুষের কাছে প্রাথমিক স্বাস্থ্যসেবা আরও সহজলভ্য করতে খাগড়াছড়ির দীঘিনালায় বাংলাদেশ সেনাবাহিনীর উদ্যোগে প্রাথমিক চিকিৎসা প্রশিক্ষণ ও বিনামূল্যে ফার্স্ট এইড কিট বিতরণ করা হয়েছে।
সোমবার (১০ আগস্ট) সকাল থেকে শুরু হওয়া দিনব্যাপী এ কার্যক্রমটি দীঘিনালা জোনের উদ্যোগে বাবুছড়া মুখ উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়। আয়োজিত এ প্রশিক্ষণ কর্মসূচিতে বাবুছড়া ইউনিয়নের ৯টি ওয়ার্ড থেকে তিনজন করে মোট ২৭ জন প্রশিক্ষণার্থী অংশ নেন।
কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দীঘিনালা জোনের আরএমও ক্যাপ্টেন মু. শায়খউদ্দীন সাকলাইন। এসময় তিনি বলেন, ‘দুর্গম পাহাড়ি এলাকায় জরুরি মুহূর্তে দ্রুত চিকিৎসাসেবা পাওয়া অনেক সময় কঠিন হয়ে পড়ে। এ কারণে স্থানীয় জনগোষ্ঠীর মধ্যে প্রাথমিক চিকিৎসা বিষয়ে প্রয়োজনীয় জ্ঞান ও দক্ষতা তৈরি করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রশিক্ষণের মাধ্যমে স্থানীয় মানুষ নিজেরা যেমন জরুরি সময়ে প্রাথমিক চিকিৎসা দিতে পারবেন, তেমনি আশপাশের মানুষেরও সহযোগিতায় এগিয়ে আসতে পারবেন। বাংলাদেশ সেনাবাহিনী মানুষের কল্যাণে এ ধরনের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত রাখবে।’
প্রশিক্ষণে দুর্ঘটনা, আঘাত, রক্তপাত, অজ্ঞান হওয়া ও অন্যান্য জরুরি পরিস্থিতিতে তাৎক্ষণিকভাবে কীভাবে প্রাথমিক চিকিৎসা দেওয়া যায়, সে বিষয়ে অংশগ্রহণকারীদের হাতে-কলমে প্রশিক্ষণ দেওয়া হয়। প্রশিক্ষণ শেষে তাঁদের মধ্যে প্রয়োজনীয় ফার্স্ট এইড কিট বিতরণ করা হয়।
সংশ্লিষ্টরা জানান, দুর্গম এলাকায় জরুরি মুহূর্তে অনেক সময় দ্রুত চিকিৎসাকেন্দ্রে পৌঁছানো সম্ভব হয় না। এ অবস্থায় স্থানীয়ভাবে প্রশিক্ষিত ব্যক্তিরা তাৎক্ষণিক প্রাথমিক চিকিৎসা দিতে পারলে গুরুতর পরিস্থিতি নিয়ন্ত্রণ এবং অনাকাঙ্ক্ষিত জটিলতা ও প্রাণহানির ঝুঁকি কমানো সম্ভব।
এদিকে প্রশিক্ষণ কর্মসূচির পাশাপাশি এলাকার দরিদ্র ও অসহায় রোগীদের চিকিৎসাসেবা দেওয়া হয়। পরে তাঁদের মধ্যে বিনামূল্যে প্রয়োজনীয় ওষুধও বিতরণ করা হয়।

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ