1. m.a.roufekhc1@gmail.com : alokitokha :
কবাখালীর মাইনি নদীতে নিখোঁজ ৮ বছরের শিশুর লাশ উদ্ধার - আলোকিত খাগড়াছড়ি

কবাখালীর মাইনি নদীতে নিখোঁজ ৮ বছরের শিশুর লাশ উদ্ধার

  • প্রকাশিতঃ শনিবার, ১৪ জুন, ২০২৫
  • ৩৩৫ বার পড়া হয়েছে
হাসান মোর্শেদ, দীঘিনালা:
খাগড়াছড়ির দীঘিনালা উপজেলার কবাখালী ইউনিয়নের দক্ষিণ মিলনপুর এলাকায় মাইনী নদীর সঙ্গে সংযুক্ত একটি ছোট নদীর মোহনায় ডুবে যাওয়া ৮ বছরের শিশু আরিয়ানকে নিখোঁজের পাঁচ ঘণ্টা পর মৃত অবস্থায় উদ্ধার করেছে ডুবুরি দল।
শনিবার (১৪ জুন) সকাল আনুমানিক ৯টা ৩০ মিনিটে নদীতে লাকড়ি ধরতে গিয়ে পানির প্রবল স্রোতে ভেসে যায় দক্ষিণ মিলনপুর এলাকার বাসিন্দা জাকির হোসেনের ছেলে আরিয়ান (৮)। খবর পেয়ে দীঘিনালা ফায়ার সার্ভিসের একটি দল তাৎক্ষণিকভাবে উদ্ধার অভিযান শুরু করে।
তবে নদীর ওই অংশে পানির গভীরতা ও স্রোতের তীব্রতার কারণে উদ্ধার কাজ ব্যাহত হচ্ছিল। পরবর্তীতে রাঙামাটি থেকে বিশেষ ডুবুরি দল এসে বিকেল ২টা ৩০ মিনিটে শিশুটির মরদেহ উদ্ধার করে।
উদ্ধার কার্যক্রমের বিষয়ে দীঘিনালা ফায়ার সার্ভিস স্টেশনের স্টেশন মাস্টার পংকজ বড়ুয়া বলেন, ‘সংযোগ স্থানে পানি ছিল অনেক গভীর, এবং স্রোতও ছিল প্রবল। আমরা প্রাথমিকভাবে চেষ্টা চালাই, এরপর রাঙামাটি থেকে ডুবুরি দল এসে উদ্ধার কাজ সম্পন্ন করে।’
ঘটনাস্থল পরিদর্শন করেন কবাখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নলেজ চাকমা। এ সময় তিনি শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানান এবং পাশে থাকার আশ্বাস দেন।
এ বিষয়ে দীঘিনালা উপজেলা নির্বাহী কর্মকর্তা অমিত কুমার সাহা বলেন, ‘দুঃখজনক এ ঘটনায় শিশুটির পরিবারকে তাৎক্ষণিকভাবে ২০ হাজার টাকা আর্থিক সহায়তা প্রদান করি। ভবিষ্যতে এ ধরনের দুর্ঘটনা এড়াতে জনসচেতনতা বৃদ্ধিতে কাজ করা হবে।’
শিশুটির মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে এলাকাজুড়ে শোকের ছায়া নেমে আসে।

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ