1. m.a.roufekhc1@gmail.com : alokitokha :
দীঘিনালায় বন্যার্তদের মাঝে চিকিৎসা সেবা ও মানবিক সহায়তা নিয়ে পাশে দাঁড়ালো সেনাবাহিনী - আলোকিত খাগড়াছড়ি

দীঘিনালায় বন্যার্তদের মাঝে চিকিৎসা সেবা ও মানবিক সহায়তা নিয়ে পাশে দাঁড়ালো সেনাবাহিনী

  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ১০ জুলাই, ২০২৫
  • ৫১৪ বার পড়া হয়েছে
হাসান মোর্শেদ, দীঘিনালা:
খাগড়াছড়ির দীঘিনালা উপজেলার মেরুং ইউনিয়নে টানা বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে সৃষ্টি হয়েছে ভয়াবহ বন্যা পরিস্থিতি। মাইনী নদীর পানি বিপদসীমার ওপরে প্রবাহিত হওয়ায় অন্তত ১০টি গ্রাম প্লাবিত হয়েছে। পানিবন্দি হয়ে পড়া অসংখ্য মানুষ আশ্রয় নিয়েছেন স্থানীয় দুটি আশ্রয়কেন্দ্রে। বৃহস্পতিবার (১০ জুলাই) পর্যন্ত এসব কেন্দ্রে আশ্রয় নিয়েছে প্রায় ৭৫টি পরিবার।
এই সংকটময় সময়ে দুর্গতদের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। দীঘিনালা সেনা জোনের উদ্যোগে ছোট মেরুং বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং মেরুং ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে চিকিৎসা ক্যাম্প পরিচালনা করা হয়। সেনাবাহিনীর চিকিৎসক দল নারী, শিশু ও গর্ভবতী মহিলাসহ সাধারণ মানুষকে প্রাথমিক চিকিৎসা, স্বাস্থ্য পরামর্শ এবং পানিবাহিত রোগ প্রতিরোধে করণীয় বিষয়ে সচেতনতা প্রদান করেন।
সেনা চিকিৎসক ক্যাপ্টেন রাকিবুল ইসলাম বলেন, “আশ্রয়কেন্দ্রে অবস্থানরতদের বিনামূল্যে প্রয়োজনীয় চিকিৎসা ও ওষুধ সরবরাহ করা হচ্ছে। বাংলাদেশ সেনাবাহিনী সবসময় মানুষের পাশে রয়েছে এবং ভবিষ্যতেও এই মানবিক সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে।”
চিকিৎসা কার্যক্রম শেষে সেনাবাহিনীর একটি দল আশ্রয়কেন্দ্র পরিদর্শন করে আশ্রিতদের সঙ্গে কথা বলেন এবং তাদের সার্বিক নিরাপত্তা বিষয়ে আশ্বস্ত করেন। এরপর সেনাবাহিনীর পক্ষ থেকে আশ্রয়কেন্দ্রে অবস্থানরত পরিবারের মাঝে রাতের খাবার বিতরণ করা হয়, যা স্থানীয়দের মধ্যে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে।
এদিকে, উপজেলা প্রশাসনের পক্ষ থেকেও তৎপরতা অব্যাহত রয়েছে। আশ্রয়কেন্দ্রগুলোতে রান্না করা খাবার এবং শুকনো খাবার সরবরাহ করা হচ্ছে বলে জানিয়েছেন অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা সুজন চন্দ্র রায়।
পাহাড়ি এলাকার এই দুর্যোগময় সময়ে সেনাবাহিনীর দ্রুত সাড়া ও কার্যকর ভূমিকা দুর্গত জনগণের মধ্যে স্বস্তি ফিরিয়েছে। মানবিক সহায়তা ও সহমর্মিতার এই চিত্র স্থানীয়দের হৃদয়ে গভীরভাবে ছাপ ফেলেছে।

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ