হাসান মোর্শেদ, দীঘিনালা:
খাগড়াছড়ির দীঘিনালা উপজেলার সবচেয়ে বড় ও সাপ্তাহিকভাবে সবচেয়ে ব্যস্ত বাজার বোয়ালখালীতে যানজট নিরসনে ব্যতিক্রমী এক জনসেবামূলক উদ্যোগ গ্রহণ করেছে জাতীয়তাবাদী যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দল।
১২ জুলাই শনিবার সকাল থেকে তিন সংগঠনের যৌথ ব্যবস্থাপনায় চালু করা হয় স্বেচ্ছাসেবী ট্রাফিক সেবা কার্যক্রম। দীর্ঘদিন ধরে চলা যানজট সমস্যার সমাধানে নেওয়া এই উদ্যোগের উদ্বোধনী দিনে প্রায় অর্ধশতাধিক স্বেচ্ছাসেবক বাজারের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে যান চলাচল নিয়ন্ত্রণে সক্রিয়ভাবে দায়িত্ব পালন করেন। এতে তাৎক্ষণিকভাবেই যানজট অনেকটা কমে আসে এবং সাধারণ ক্রেতা-বিক্রেতাদের মধ্যে স্বস্তি ফিরে আসে।
স্থানীয়দের ভাষ্যে, সাপ্তাহিক হাটের দিনে বোয়ালখালী বাজারে যানজট নিত্যদিনের এক অসহনীয় দুর্ভোগে পরিণত হতো। তবে আজকের এই উদ্যোগের সুফল চোখে পড়ার মতো।
আয়োজক সংগঠনগুলোর নেতারা জানান,
“আমরা রাজনীতিকে কেবল বক্তৃতা আর মিছিলে সীমাবদ্ধ রাখতে চাই না—আমাদের লক্ষ্য জনসেবা। তাই প্রতি হাটের দিন নিয়মিতভাবে ১২ জন স্বেচ্ছাসেবক দিয়ে এ কার্যক্রম চালিয়ে যাওয়ার পরিকল্পনা রয়েছে।”
এই উদ্যোগটি বাজার সংশ্লিষ্ট ব্যবসায়ী ও সাধারণ মানুষের প্রশংসা অর্জন করেছে। অনেকেই মত দিয়েছেন, উদ্যোগটি ধারাবাহিকভাবে চালু থাকলে বোয়ালখালী বাজারে যানজট নিয়ন্ত্রণে বড় ধরনের পরিবর্তন আসবে।