হাসান মোর্শেদ, দীঘিনালা:
খাগড়াছড়ির দীঘিনালা উপজেলায় কালবৈশাখী ঝড় ও হঠাৎ অতিবৃষ্টিতে কৃষকদের স্বপ্ন এক নিমিষেই ভেঙে পড়েছে। মাঠের পর মাঠ পাকা ধান ও কেটে রাখা ফসল পানিতে তলিয়ে গিয়ে ব্যাপক ক্ষয়ক্ষতির সৃষ্টি হয়েছে।
বুধবার (২৯ এপ্রিল) সকালে সরজমিনে উপজেলার মেরুং এলাকায় গিয়ে দেখা যায় মঙ্গলবার বিকেল থেকে শুরু হওয়া ঝড়ো হাওয়া ও টানা বৃষ্টিতে জেলার বিভিন্ন উপজেলার নিচু জমি প্লাবিত হয়। এতে সবচেয়ে বেশি ক্ষতির মুখে পড়েছেন প্রান্তিক কৃষকরা। অনেকেই শেষ সময়ে ফসল ঘরে তোলার প্রস্তুতি নিচ্ছিলেন, কিন্তু আকস্মিক দুর্যোগে তাদের সেই আশা ভেঙে যায়।
ক্ষতিগ্রস্ত কৃষকদের অভিযোগ, মৌসুমের একেবারে শেষ মুহূর্তে এমন প্রাকৃতিক দুর্যোগ তাদের দিশেহারা করে তুলেছে। অনেকেই ঋণ নিয়ে চাষাবাদ করলেও ফসল ঘরে তোলার আগেই তা নষ্ট হয়ে যাওয়ায় তারা চরম অনিশ্চয়তায় পড়েছেন।
স্থানীয় কৃষক মকবুল হোসেন বলেন, “সারা বছর কষ্ট করে যে ফসল ফলাই, সেই ফসলই এবার ঘরে তুলতে পারলাম না। কালবৈশাখীর এক ঝড়ে সব শেষ হয়ে গেল।”
ক্ষতিগ্রস্ত কৃষকদের আশঙ্কা, দ্রুত সরকারি সহায়তা না পেলে তাদের পক্ষে এই ক্ষতি কাটিয়ে ওঠা অত্যন্ত কঠিন হয়ে পড়বে। তারা জরুরি ভিত্তিতে ক্ষতিপূরণ ও কৃষি পুনর্বাসন সহায়তার দাবি জানিয়েছেন।
এ বিষয়ে উপজেলা কৃষি কর্মকর্তা শাহাদাত হোসেন জানান, ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণে কাজ চলছে এবং দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।